খুব ছোটবেলায় যখন ক্লাস ওয়ান, টু কিংবা থ্রিতে পড়তাম তখন ক্যালকুলেটর নামক যন্ত্রটি আমাদের কাছে ছিল যাদুর বাক্সের মত। যেসব বড় বড় যোগ, বিয়োগ, গুন কিংবা ভাগ অংক করে পরীক্ষার খাতায় ৫ নম্বর তুলতে আমাদের হাঁপিয়ে যেতে হত সেখানে ক্যালকুলেটর নামক যাদুর বাক্স দিয়ে সেই অংকটি করে ফেলা যেত চোখের পলকে। আমরা সবাই এক রকম নিশ্চিত ছিলাম যে ঐ সময় পরীক্ষার হলে আমাদের হাতে ক্যালকুলেটর ধরিয়ে দিলে পরীক্ষায় ১০০ পাওয়া কোন ব্যপারই ছিল না। কিন্তু দুঃখের বিষয় হল, ক্যালকুলেটর নামক যাদুর বাক্সটি প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য নয়। হাই স্কুলে যাওয়ার একটি পর্যায়ে যখন আমাদের হাতে ক্যালকুলেটর দেয়া হল তখন আর ক্যালকুটর হাতে পেলেই অংক পরীক্ষায় ১০০ তে ১০০ পাওয়ার সময় বাকি ছিল না। ধীরে ধীরে গণিতটা কেমন যেন পরিবর্তিত হয়ে যেতে লাগল। ধীরে ধীরে বিভিন্ন নামের যত্তসব উটকো ঝামেলা যুক্ত হতে লাগল গণিতের সাথে। নতুন করে এল ত্রিকোণমিতি, ক্যালকুলাস, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর আরও কত কি!!! এগুলোর কোনটার সমাধানই আর শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে করা সম্ভব ছিল না। কাজেই এক নিমিষে সব অংক করে ফেলার মত যাদুর বাক্সের স্বপ্ন দেখার কথাও ধীরে ধীরে ভুলে যেতে থাকলাম আমরা। এভাবেই অনেক দিন চলে গেল।
মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে যখন আমি স্নাতক স্তরের ছাত্র তখনই অসাধারন এক যাদুর বাক্সের সন্ধান পেলাম আমরা। গণিতের ছাত্র হওয়ার কারনে ততদিনে অবশ্য আমাদের গণিতের ধরনেরও অনেক পরিবর্তন হয়েছে। ত্রিকোণমিতি আর ক্যালকুলাস কিংবা স্থানাঙ্ক জ্যামিতির গন্ডি পার করে আমরা প্রবেশ করেছি Laplace Transform, Fourier series আর Differential geometry এর জগতে। আর এইসব উচ্চতর স্তরের বড় বড় ম্যাথগুলোই চোখের পলকে সমাধান করে দিচ্ছিল Mathematica নামক নতুন এই যাদুর বাক্সটি। সত্যি বলতে, আমার দেখা অসাধারন একটি সফটওয়ার এটি। শুধু ম্যাথের সমাধানই নয় বরং সব বড় বড় Equation এর 2D এবং 3D গ্রাফগুলো খুব সুন্দরভাবে এবং সুন্দর লে আউটে আমাদের সামনে উপস্থাপন করে এই Mathematica. একদম সিম্পল দুই চলকের সমীকরন থেকে শুরু করে Differential geometry এর বড় বড় Equation এর বড় বড় সব গ্রাফগুলো কম্পিউটারের স্ক্রিনে দেখে সত্যিই অনেক বেশি অবাক হচ্ছিলাম আমরা। কিন্তু আমাদের অবাক হওয়ার তখনও বাকি ছিল। কারণ, একটি ফাংশনের Laplace Transform ও এত সহজে বের হয়ে যাবে তা কোনদিনও ভাবি নি আমরা। সত্যিই অসাধারণ এক যাদুর বাক্স ছিল এই Mathematica.

0 মন্তব্যসমূহ